বিমানের নতুন এমডি হুমায়রা সুলতানা

বিমানের নতুন এমডি হুমায়রা সুলতানা

নিজস্ব প্রতিবেদক : February 04, 2026

ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকা কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

সংস্থাটির কার্যক্রম সচল রাখতে নতুন করে এমডি ও সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে প্রকাশিত আদেশে বলা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হওয়ায় ড. সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। একই আদেশে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ড. সাফিকুর রহমান আর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।

অফিস আদেশে বলা হয়েছে, বিমানের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানাকে এমডি ও সিইওর দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল অ্যাভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের প্রক্রিয়া বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল ও সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী করা হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

নিয়োগ সংক্রান্ত এই অফিস আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসনিক বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

Share This