ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি : May 16, 2026

ফেনীতে শহরে 'ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে’ ভুল চিকিৎসায় ও কর্তৃপক্ষের চরম অবহেলায় নাঈমা আক্তার লিজা নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই নারীর মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। 

শনিবার (১৬ মে) সকাল ১১ টার দিকে ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এর আগে গত ১১ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। আগের দিন ১০ এপ্রিল অস্ত্রোপচারের মাধ্যমে নাঈমা একটি ছেলে জন্ম দিয়েছিলেন। এর ২০ ঘণ্টার মাথায় মারা যান তিনি।

নাঈমা আক্তার লিজা (২১) ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মুজিবুল হকের স্ত্রী।

নিহত লিজার ভাবি তাহমিনা আক্তার মানববন্ধনে বক্তব্যে বলেন 'প্রসব ব্যথা শুরু হলে লিজাকে প্রথমে লস্করহাটের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে এক নার্সের প্ররোচনায় তাকে শহরের ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে আনা হয়। ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত সিজারের জন্য চাপ দেয় এবং ২২ হাজার টাকায় চুক্তিতে ওই রাতেই ডা. নাসরিন আক্তার মুক্তা তার ভুল অস্ত্রোপচার করেন।

মানববন্ধনে বক্তারা জানান, ডাক্তার মুক্তার ভুল চিকিৎসায় লিজার মৃত্যু হয়েছে। আমরা ডাক্তার নাজমুল, মুক্তা ও আব্দুল কাইয়ুমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। 

নিহতের বাবা মো. নুর করিম বলেন, কয়েকদিন পরপর ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে’ ও হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থ আর ক্ষমতার দাপট দেখিয়ে বার বার পার পেয়ে যান। আমরা চিকিৎসা ক্ষেত্রে নৈরাজ্য ও অভিযুক্ত চিকিৎসকের ফাঁসি চাই। একইসঙ্গে মৃত্যুপুরী এই হাসপাতাল স্থায়ী বন্ধের দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত লিজার বাবা মো. নূর করিম লিজার ভাবি জুলি আক্তার ও তাহমিনা আক্তার চাচাতো ভাই শাহাদাত হোসেন ও মোঃ রুবেল এছাড়াও বিভিন্ন সংগঠন ও এলাকার বাসিন্দারা।

ভুল চিকিৎসায় নাঈমা আক্তার লিজা নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে গত ১৭ এপ্রিল তিন চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিরা হলেন- ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের মালিক ডা. নাজমুল হক ভূঁইয়া, তার স্ত্রী নাসরিন আক্তার মুক্তা, ফেনী প্রাইভেট হাসপাতালের মালিক ডা. আবদুল কাইয়ুম, মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা গীতা রানী ও ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের ম্যানেজার আতিকুর রহমান।

Share This