ফেনীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ফেনীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি : July 19, 2026

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে জমাটবদ্ধ পানি নিষ্কাশন ও ড্রেন নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। 

রবিবার (১৯ জুলাই) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

তেমুহনি বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং ফেনী জেলা যুবদলের সদস্য ব্যবসায়ী মওদুদ আহমেদ রনির সঞ্চালনায় মানববন্ধনে বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, তামিরুল উম্মাহ মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল হান্নান, ওয়ার্ড জামায়াতের আমীর নুরুল আমীন মিয়া সাব, ৫নং ওয়াড বিএনপি সভাপতি মাইন উদ্দিন বেলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শামসুর রহমান লাবলু ও জামাল একাডেমির প্রধান শিক্ষিকা তহুরা শামিম প্রমুখ। 

 এ সময় বক্তারা বলেন, মহাসড়ক নির্মানের সময় এ রাস্তার পাশের ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। এরপর তেমুহনী বাজারে আর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। বর্তমানে এ বাজারে একটু বৃষ্টি হলে পানি জমে চলাচল অনুপোযুগী হয়ে পড়ে। এতে অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। বাজারে ক্রেতা সমাগম কমে যায়। এ বিষয়ে বারবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং বিভিন্ন স্থানে নানা চেষ্টা করেও কোন সুরাহা পাওয়া যায়নি। 

যুবদল নেতা ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি জানান, ফেনী -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী এলাকাটি একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। এ ২৪ ঘন্টা মানুষের সমাগম থাকে। আশপাশের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, মহাসড়ক নির্মাণের সময় ড্রেন নির্মাণ না করায় বৃষ্টি হলে এ বাজারে পানি নিষ্কাশন হয় না। জমাটবদ্ধ পানির গন্ধ ছড়িয়ে নানা ভোগান্তির সৃষ্টি হয়। আমরা এর প্রতিকার চাই। 

জামায়াত নেতা ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন যাবৎ জলযটের মধ্যে রয়েছে এই বাজারের ক্রেতা-বিক্রেতারা। কিন্তু প্রশাসন থেকে এ বিষয়ে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। যার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

Share This