বিমানবাহিনীর গবেষণা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন

বিমানবাহিনীর গবেষণা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : July 20, 2026

বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা ও কৌশলগত জ্ঞানচর্চার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর নতুন ভবনের উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সোমবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশারে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবনির্মিত ভবনের স্মারক ফলক উন্মোচন করেন। এ সময় ভবন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি ভবনের বিভিন্ন দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে BCASPS-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিমান বাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন, নতুন ভবনের উদ্বোধনের ফলে BCASPS-এর গবেষণা, শিক্ষা এবং নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। তিনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।

এছাড়া সম্প্রতি BCASPS সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)-এ নিবন্ধিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, এয়ার অধিনায়ক (আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র), বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশারের এয়ার অধিনায়করা, বিমান বাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (TRADOC)-এর কমান্ড্যান্ট, BCASPS-এর গভর্নিং বডির সদস্য এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This