ভারত আন্তর্জাতিক আইন উপেক্ষা করে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত পানি বণ্টনে এখনও কোনো সুরাহা দেয়নি। অথচ আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে—প্রতিবেশী দেশকে ন্যায্য পানির হিস্যা দিতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের জে আর সেন্টারে লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা যখন ভারতের সঙ্গে আলোচনা করেছি, তখন তারা পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছে। যদি আমরা আমাদের সঠিক পানির হিস্যা পেতাম, তাহলে তিস্তা নদী এভাবে মরে যেত না।
তিনি আরও বলেন, বিএনপি ইতোমধ্যে তিস্তা সমস্যা সমাধানে একটি মহাপরিকল্পনার কথা বলেছে। এই মহাপরিকল্পনার আওতায় শুধু পানির প্রবাহ নয়, তিস্তা নদীপারের মানুষের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
বইটির লেখক আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, দুলু একজন সৃজনশীল মানুষ। একজন রাজনীতিবিদ হয়েও যে সৃজনশীল হওয়া যায়—তা তার এলাকায় না গেলে বোঝা যাবে না। আমি তার ভক্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি আসাদুল হাবিব দুলু, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।