গণমাধ্যমের স্বাধীনতায় সরকার–মালিকপক্ষের ভারসাম্যের আহ্বান তথ্যমন্ত্রীর

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার–মালিকপক্ষের ভারসাম্যের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : May 02, 2026

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শুধু সরকার নয়, গণমাধ্যমের মালিকপক্ষও নিজেদের স্বার্থে মিডিয়াকে ব্যবহার করে এর কার্যকারিতা ক্ষুণ্ন করছে। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সরকার ও গণমাধ্যম—উভয় পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। এ লক্ষ্যে পত্রিকার মালিকদের একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে এগোতে হবে এবং “ভারসাম্যপূর্ণ স্বাধীনতা” নিশ্চিত করতে কাজ করতে হবে।

তিনি আরও জানান, নতুন সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং নতুন সমস্যার জন্য নতুন ধরনের সমাধান প্রয়োজন। এ ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত কৌশল গ্রহণের পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রধান শক্তি হতে পারে। এজন্য সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয় দক্ষ স্টেকহোল্ডার হিসেবে কাজ করার পরিকল্পনা করছে সরকার।

এদিকে, আলোচনা সভা থেকে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। সর্বশেষ বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচক ২০২৬ অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৫২তম।

Share This