সাতক্ষীরায় বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ, বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরায় বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ, বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা প্রতিনিধি : June 21, 2026

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এবং সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা. আজিজুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান তানভীরসহ সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলায় বর্তমানে প্রায় ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। প্রতিটি গ্রাহক যদি প্রতিদিন মাত্র ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করেন, তাহলে বছরে প্রায় ৩০৪ কোটি টাকা সাশ্রয় সম্ভব।

এছাড়া সভায় আরও জানানো হয়, সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ ১৩ দশমিক ০৯ টাকায় ক্রয় করে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আবাসিক গ্রাহকদের কাছে প্রায় ৪ টাকা দরে সরবরাহ করছে। তাই ভর্তুকিনির্ভর বিদ্যুতের ব্যবহারেও সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ইনভার্টার প্রযুক্তিসম্পন্ন এসি ও ফ্রিজ ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে বলে সভায় জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, এসব প্রযুক্তি ব্যবহারে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। পাশাপাশি এলইডি বাল্ব ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “অফিস কিংবা বাড়িতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে ব্যক্তি যেমন উপকৃত হবে, তেমনি রাষ্ট্রও লাভবান হবে।”

Share This