জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : November 05, 2026

জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন মঢাজিস্ট্রেট সা্রাহ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন এ আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। 

 

আজ বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে সিএমএম হাজতখানা থেকে শুনানির জন্য আদালতে তোলা হয়। পরে বিকেল ৪টা ১ মিনিটে বিচারক এজলাসে উঠেন।এ সময় আসামিপক্ষের আইনজীবী চৌধুরী মো. গালিব রাকিবসহ কয়েকজন বয়স বিবেচনায় কারাগারে সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে শুনানি করেন।

 

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, জুলাই  আন্দোলন চলাকালে গণভবনে তখন শেখ হাসিনার সঙ্গে আন্দোলন দমন করার জন্য মিটিং করেন আজকের আসামি। ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেন।এ জন্য পুরস্কারস্বরূপ তথ্য উপদেষ্টা হন এবং ডিবিসি নিউজের সিইও হন। তখন তিনি এডিবি নামক গ্রুপ খুলে হাসিনাকে সহায়তা করেন। ক্ষমতা অপব্যবহার করে গুলশান বনানীতে অনেক সম্পদ করেছেন। 

 

আসামিপক্ষের জেলে সুচিকিৎসার বিষয়ে তিনি বলেন, জেল কোড হিসেবে যদি তিনি সেটা পেয়ে থাকেন তাহলে সেটা পেতে পারেন। 

পরে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, তথ্য উপদেষ্টা ছিলেন তিনি, এই হিসেবে তিনি মন্ত্রী পর্যায়ের।এজন্য তিনি জেল কোড হিসাবে সুবিধা পেতে পারেন। জবাবে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, সে এই পদমর্যাদার ছিলেন না, সুতরাং জেলে এসব সুবিধা পাবেন না। 

 

পরবর্তীতে বিচারক বলেন, তিনি সামাজিক পদমর্যাদা হিসেবে যতটুকু মর্যাদা পাওয়ার ততটুকুই পাবেন।

এরআগে গতকাল বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টিভি ডিবিসি নিউজের কার্যালয় থেকে টেলিভিশন স্টেশনটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। সে সময় প্রতিষ্ঠানের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়।

Share This