গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের

গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের

রাজশাহী প্রতিনিধি : May 16, 2026

গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, নাহলে অতীতের চাইতেও ভয়াবহ স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৬ মে)  রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির বলেন, সরকার ইতোমধ্যে এমন কিছু কর্মকাণ্ড করেছে যা জনগণের সঙ্গে ধোকার শামিল। তার দাবি, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ১৬টি অধ্যাদেশ বাস্তবায়ন না করে সরকার সেগুলো কার্যত বাদ দিয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল, একই পথ ধরে আপনারাও হাঁটছেন। অতীতে স্বৈরাচারের যে পরিণতি হয়েছে, আপনাদের পরিণতিও ভিন্ন হবে না যদি এই পথ থেকে ফিরে না আসেন।

এছাড়া তিনি বলেন, বাংলাদেশের চার ভাগের এক ভাগ পদ্মা এবং তিস্তার কারণে এখন প্রায় মরুভূমি হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে ১৫ দিনের জন্য ফারাক্কাবাদ এটা বাস্তবায়নের সুযোগ দিয়েছিল এর কার্যক্রম। সরকারকে আমরা সাধুবাদ জানাই ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন। কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়। কারো রক্ত চক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। 

Share This