হাম আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসকদের প্রতি হাম-আক্রান্ত শিশুদের যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় তিনি রাজধানীর আসাদ গেইট সংলগ্ন পেট্রল পাম্প পরিদর্শন করেন এবং জ্বালানি তেলের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান এবং উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার।