জেলি-পুশকৃত চিংড়ি বিনষ্ট, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জেলি-পুশকৃত চিংড়ি বিনষ্ট, ৩ ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি: July 29, 2026

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে জড়িত তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, খুলনার এফআইকিউসি (FIQC) ইন্সপেক্টর আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং তিনি যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পারুলিয়া মৎস্য আড়তসহ আশপাশের কয়েকটি আড়তে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলি-পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমানা করা হলেও অসাধু ব্যবসায়ীরা এ কার্যক্রম বন্ধ করেনি। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

প্রদীপ কুমার দাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মৎস্য বিপণন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযানে দেবহাটা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Share This