দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ মহড়া। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে।
সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবেলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার এবং যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল গড়ে তোলাই এ মহড়ার লক্ষ্য। মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন।
এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা বাড়বে।
বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এ মহড়া। এর মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরো গভীর হবে।