সাপ্তাহিক হকার্স পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং ফেনী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি সাংবাদিক নুরুল করিম মজুমদারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) সাপ্তাহিক হকার্স পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণসভায় ফেনীর বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিবর্গের লেখায় প্রকাশিত বিশেষ স্মরণিকা “কলমে ও কর্মে: নুরুল করিম মজুমদার” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ফেনীতে কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা মরহুম নুরুল করিম মজুমদারের সাংবাদিকতা জীবনের নানা দিক স্মরণ করেন এবং তাঁর অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ফেনীর বার্তার সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে এবং দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেছবাহ উদ্দিন ভূঞা, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আবদুর রহীম, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাতসহ আরও অনেকে।
এছাড়া ফেনীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলনসহ আরও অনেকে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সাপ্তাহিক হকার্স-এর সম্পাদক ও প্রকাশক তারেকুল ইসলাম মজুমদার।
উল্লেখ্য, নুরুল করিম মজুমদার ১৯৫৩ সালের ১২ মে ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দ্য ডেইলি স্টার, নিউ এইজ এবং অ্যাসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি)-এর ফেনী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮২ সালে তাঁর সম্পাদনায় ফেনীর অন্যতম প্রাচীন পত্রিকা “সাপ্তাহিক হকার্স” প্রকাশিত হয়। বর্তমানে পত্রিকাটি ৪৫ বছরে পদার্পণ করেছে। তাঁর মৃত্যুর পর একমাত্র পুত্র তারেকুল ইসলাম মজুমদার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।