ফেনীর সোনাগাজীতে মাত্র এক ঘণ্টার কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিতে ব্যাপক তাণ্ডবের ঘটনা ঘটেছে। দমকা হাওয়ায় গাছপালা উপড়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়া সোনাগাজী বাজারসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও দোকানের টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই ঝড় ভয়াবহ রূপ ধারণ করে। এতে সড়কে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, ঝড়ের সময় সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরের ভেতরের বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। সোনাগাজী থানার সামনের সড়কেও গাছ উপড়ে পড়ে যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়। সোনাগাজী বাজারের বড় মসজিদের সামনের এলাকায় কয়েকটি দোকান ও বাসাবাড়ির টিনের চাল উড়ে যায়। উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
এদিকে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কার্যক্রমে প্রস্তুত হন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা কার্যক্রম শুরু করেন।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত শতাধিক গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা বলেন, “হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাচ্ছি। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।”