মালিবাগে বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি সোনা চুরি

মালিবাগে বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি সোনা চুরি

নিজস্ব প্রতিবেদক : October 09, 2025

রাজধানীর যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করছে।

বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে মালিবাগের মৌচাক মোড়ে ফরচুন শপিংমলে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে।

শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, ‘দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।’

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

Share This