জঙ্গল সলিমপুরে অবৈধ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে অবৈধ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : May 31, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফসল হচ্ছে এই জঙ্গল সলিমপুর। জঙ্গল সলিমপুর থেকে কোনো সাধারণ অধিবাসীকে আমরা উচ্ছেদ করব না। কিন্তু এখানে কোনো সন্ত্রাসী গ্রুপের অস্তিত্ব থাকবে না। এখান থেকে আমরা সন্ত্রাসীদের উচ্ছেদ করব। 

রবিবার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী চট্টগ্রামের সর্বস্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

 

স্বরামন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণকে একটি আরামদায়ক জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। মাদক, সন্ত্রাসসহ কোনো অবৈধ বাণিজ্য দেশে চলতে দেয়া হবে না। এখানে রাষ্ট্রের ভেতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।

 

তিনি আরো বলেন, জঙ্গল সলিমপুরে সরকারি খাস জায়গায় কারাগার নির্মাণসহ, বিভিন্ন সংস্থার ভবন নির্মাণে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। আমি আবারও আশ্বস্ত করছি, এখানে কোনো সাধারণ জনগণকে উচ্ছেদ করা হবে না, শুধু সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।

 

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, এসপি মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

Share This