বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, বর্তমান বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা থেকে সরে এসে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সোমবার (১৩ জুলাই) ফেনীর একটি কনভেনশন হলে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের অঙ্গীকার করা হলেও সরকার এখন সংবিধান সংস্কারের পরিবর্তে শুধু সংশোধনের কথা বলছে। তার দাবি, রাষ্ট্রব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার থেকে সরকার সরে এসেছে এবং এতে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ৩৩টি রাজনৈতিক দলের অংশগ্রহণে ৮৪ দফা বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পরও তা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে আসার চেষ্টা চলছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে সংসদ ও রাজপথ—উভয় জায়গায় আন্দোলন গড়ে তোলা হবে।
সেমিনারে প্রধান বক্তা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করে রাষ্ট্রব্যবস্থার সংস্কার নিশ্চিত করা। তিনি বন্যা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি এবং ব্যাংকিং খাতসহ বিভিন্ন বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির ফেনী জেলা সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আবু ইউসুফ।
এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, এনসিপির জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, বিডিপির জেলা সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল, জাগপার জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা ছাত্রশিবির সভাপতি ইমাম হোসেন আরমান এবং শহর সভাপতি সফিকুল ইসলাম।