সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সেটি নিয়ে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির ঘটনার পর পুলিশ এ বিষয়ে কাজ করছে। এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।