ঢাকার গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (৪ জুন) তিনি নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেন।
তিনি আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
এছাড়া দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ সম্পদ সংরক্ষণ, ইলিশসহ অন্যান্য মৎস্যসম্পদ রক্ষা এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
আইজিপি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নৌ পুলিশের সক্ষমতা আরও উন্নত করতে হবে এবং জনগণের জন্য সেবার মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে মানবিক ও পেশাদার আচরণের মাধ্যমে পুলিশি সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদসহ নৌ পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।