৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী অ্যাথলেটিক্স দলের খেলোয়াড়রা নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৩ মে) নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী প্রধান চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
তিনি জাতীয় ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য ধরে রাখতে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় নৌপ্রধান ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
উল্লেখ্য, ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ বাংলাদেশ নৌবাহিনী ৬টি নতুন জাতীয় রেকর্ড গড়ার পাশাপাশি ২১টি স্বর্ণপদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
এছাড়া নৌবাহিনীর অ্যাথলেটিক্স দলের পাশাপাশি সাঁতার, বাস্কেটবল, ভলিবল ও কাবাডি দলও নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে নৌবাহিনীর গৌরব বৃদ্ধি করছে।
নৌবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এসব দল দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সুনাম বয়ে আনবে।