সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী সুলতানপুর বড়বাজার চাউল ব্যবসায়ী সমিতির দ্বিতীয় বার্ষিক সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের ঐক্য, সংগঠনের শৃঙ্খলা এবং ন্যায্য অধিকার রক্ষার প্রত্যয় ব্যক্ত করে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
সমিতির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে বিশিষ্ট চাউল ব্যবসায়ী বিপুল কুমার সাহা সভাপতি নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ রুহুল আমিন, সহ-সভাপতি আলহাজ শেখ জুলফিকার আলি, সাধারণ সম্পাদক মো. সাইফুল আজম খান (মামুন) এবং সহ-সাধারণ সম্পাদক আলহাজ রবিউল ইসলাম।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন গৌতম দেবনাথ, সহকারী কোষাধ্যক্ষ শেখ জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আজিবর, সরুপ সাহা ও লাল্টু।
সমিতির ৫ সদস্যের উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন আলহাজ নুরুল ইসলাম, বিনয় কৃষ্ণ সাহা, আলহাজ মোকারাম হোসেন, মো. নুর ইসলাম ও তপন কুমার সাহা।
সভায় বক্তারা বলেন, সুলতানপুর বড়বাজার চাউল ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ীদের একটি সংগঠন নয়; এটি ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নবগঠিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ব্যবসায়িক সমস্যা দ্রুত সমাধান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে।
সভায় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রতি তিন মাস অন্তর নিয়মিত সভা এবং প্রতিবছর বার্ষিক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য বজায় রেখে বাজারের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতি ব্যবসায়ীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, চাউল ব্যবসায়ী সমাজের কল্যাণ, বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সংগঠনের মর্যাদা বৃদ্ধিতে তারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।