ফেনীর ফুলগাজীতে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু তাহের সুজন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অভিযানের খবর পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যান।
শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তারাকুচা বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তারাকুচা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সুজন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনা পুস্করণী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবু আহম্মেদের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৮ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, অভিযানের সময় একই এলাকার উত্তর তারাকুচা গ্রামের মো. আরিফ (৩৩) ও মো. মিরু (৩৪) পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তি এবং পলাতক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলগাজী থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।