ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না: শামা ওবায়েদ

ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি : February 02, 2026

ফরিদপুর-২ আসনের (সালথা-নগরকান্দা উপজেলা) বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আর মাত্র কয়েকদিন সময় আছে, সকলে মিলে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। নিজেদের মধ্যে দলাদলি বা গ্রুপিং থাকলেও সেটা মনে রাখা যাবে না। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ আরো বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। একটি দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত সমাজ গড়ার সুযোগ এসেছে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সুযোগ করে দিন। আমার আব্বা সব সময় ন্যায়ের পথে, সত্যের পথে ছিল। আমি আপনাদের কথা দিতে পারি, আমিও সত্যর পথে থাকবো।

 

তিনি বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক, আমাদের ঐক্যর প্রতীক, আপামর জনতার প্রতীক। দল, মত নির্বিশেষ ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে সুযোগ নিবে অন্য প্রার্থীরা, ষড়যন্ত্রকারীরা। তারা নির্বাচনকে নষ্ট করতে চায়, তাই তৃতীয় পক্ষকে সুযোগ দেয়া যাবে না।

বিএনপির এই নেত্রী বলেন, ইতিমধ্যেই ষড়যন্ত্র চলতেছে, মা বোনদের বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমরা চাই সকলে নিরাপদে থাকুক। এ েকারনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ থাকতে এবং উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

 

শামা ওবায়েদ আরো বলেন, আব্বার অসম্পন্ন কাজগুলো আমি সম্পন্ন করতে চাই। আপনাদের মেয়েকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের কাজ গুলো সম্পন্ন করার সুযোগ করে দেয়ার অনুরোধ রইল আপনাদের প্রতি।

স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে পেরেছে সনাতন ধর্মাবলম্বীরা। একটি পূজায়ও কোনো সমস্যা হয়নি। আমৃত্যু আপনাদের নিরাপত্তা দিয়ে যাবো।

 

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই। সেই সুযোগটা আসছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ন। এই সুযোগ হেলায় কাটানো যাবেনা। কারণে এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন, ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে সেই সিদ্ধান্ত নেয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।

Share This