নৌবাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : November 09, 2025

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। তিনি তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসে রোববার (৯ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ করেন।

অ্যাডমিরাল নাভিদ আশরাফ এর আগে নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান নাজমুল হাসান তাকে স্বাগত জানান। এসময় বাংলাদেশে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই দিনে তিনি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর আরও জানায়, পাকিস্তান নৌবাহিনী প্রধান বাংলাদেশ সফরকালে বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ ও চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

একই সময় পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসেছে। জাহাজের অধিনায়কসহ অন্য কর্মকর্তা ও নৌ সদস্যরা চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর ঘাঁটি ও চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ পরিদর্শন করবেন। এতে উভয় দেশের নৌ সদস্যরা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ লাভ করবেন।

সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান এবং পাকিস্তান নৌবাহিনীর জাহাজ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

Share This