সোশ্যাল মিডিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে ছড়ানো কয়েকটি ফটোকার্ড ও তাতে উল্লিখিত বক্তব্যকে সম্পূর্ণ গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) বিজ্ঞপ্তিতে এই অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে প্রতিমন্ত্রীর বরাতে বলা হয়েছে— ‘ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যে যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মতো ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলেই তো হবে না, বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মাননীয় প্রতিমন্ত্রী কখনোই, কোনও স্থানে এ ধরনের মন্তব্য করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর প্রকৃত অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্বচ্ছ এবং জনস্বার্থমুখী। প্রকৃতপক্ষে প্রতিমন্ত্রী বিভিন্ন সময়ে স্পষ্টভাবে বলেছেন, “বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। দেশের জনগণের স্বার্থ বজায় রেখে বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখেই সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে এবং বন্ধুত্ব বজায় রাখবে।”
এ ধরনের ভিত্তিহীন অপতথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছে মন্ত্রণালয়।