টাঙ্গাইলে ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

টাঙ্গাইলে ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি : January 20, 2026

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে মাসুম নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ হেডকোয়ার্টারের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।

জানা যায়, গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। এরপর তাকে সকাল সাড়ে ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রমতে, ত্রুটি থাকার কারণে অস্ত্রে গুলি ভরার সময় ফায়ার হয়ে এই ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশতভাবে তার বুকে গুলি লাগে। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে পুলিশ ট্রেনিং সেন্টারের দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হননি।

তবে এ ব্যাপারে পুলিশ হেডকোয়ার্টারের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান গণমাধ্যমকে জানান, পুলিশে যোগদানের পর ট্রেনিংয়ে ছিলেন মাসুম। সোমবার সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় তিনি গুলিবিদ্ধ হন।

উল্লেখ্য, এই ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলে আগামী ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে তাদের ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।

Share This