জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা কাছাকাছি সময় পর্যন্ত অবস্থান করবেন।
রবিবার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এছাড়া, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।