অন্তরঙ্গ ভিডিও প্রকাশকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে নৈতিক স্খলনের অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলার নকিপুর এলাকায় ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বিএনপির নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, একজন জনপ্রতিনিধির এমন বিতর্কিত কর্মকাণ্ড জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে এবং এতে এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গাজী নজরুল ইসলামকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ঝাড়ু মিছিল বের করেন এবং গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রতিবাদ জানান।
তবে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।