বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক কাদের গণি চৌধুরী। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কাদের গণি চৌধুরীকে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাদের গণি চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
কাদের গণি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি পেশাজীবী সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং দলটির মিডিয়া সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন নিয়োগের মধ্য দিয়ে তিনি বাসসের সদ্য সাবেক এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব মোর্শেদ। বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাংবাদিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বিএফইউজে এ নিয়ে কর্মসূচি পালন করে। একই ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তার কর্মকাণ্ডের নিন্দা জানায়। পরে তিনি পদত্যাগ করেন।
মাহবুব মোর্শেদের পর কামাল উদ্দিন সবুজকে এক বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত মেয়াদ পূর্ণ করার আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তার দায়িত্ব পালন নিয়েও বাসস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অসন্তোষ ছিল বলে জানা গেছে।
নতুন এমডি ও প্রধান সম্পাদক হিসেবে কাদের গণি চৌধুরীর নিয়োগের মধ্য দিয়ে বাসসের শীর্ষ নেতৃত্বে আবারও পরিবর্তন এলো।