সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি : August 19, 2026

সাতক্ষীরা শহরের একটি সার্জিক্যাল ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ লাইসেন্স ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে এ জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’ পরিচালিত হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে ক্লিনিকটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

অভিযান শেষে ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব ও জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অননুমোদিত ও অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This