ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট

ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট

নিজস্ব প্রতিবেদক : March 18, 2026

ঈদযাত্রার ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৮ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের টিকিট। এছাড়া ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৩ মার্চ। আজ ২৮ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া আগামীকাল ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।
 
টিকিট কেনার পদ্ধতি

যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।
 
ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকাসাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে। ই-মেইলের ইনবক্স থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

Share This