অপরাধ দমনে কঠোর অবস্থানে সাতক্ষীরার এসপি

অপরাধ দমনে কঠোর অবস্থানে সাতক্ষীরার এসপি

সাতক্ষীরা প্রতিনিধি : May 16, 2026

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই। অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৬ মে) জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ বিভাগের কেউ অপরাধে জড়িত থাকলেও তার পোশাক দেখে নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাজে বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশ কাজ করবে।

নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-পাবলিক-প্রেসের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় জরুরি। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সাংবাদিকদের চোখে আমরা পৃথিবী দেখি। তাই পুলিশ-পাবলিক-প্রেস এই তিনটির সমন্বয় অতীব জরুরি।”

সভায় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান। এছাড়া সুন্দরবন এলাকায় বনদস্যুদের তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলেও উল্লেখ করেন।

সভা শেষে জেলার সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সাতক্ষীরার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম আব্দুল আলীমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার প্রতিনিধি এম. কামরুজ্জামান, বাংলাভিশন ও বাসস’র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সভায় জেলার শতাধিক সাংবাদিক অংশ নেন।

Share This