শারদীয় দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত ও মাদকসেবীদের উৎপাত বন্ধে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রেলস্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। বিশেষ করে পূজার ছুটিতে ঘরমুখী ও ঢাকায় ফেরা যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মাদকসেবীদের উৎপাত প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসআরবি-৩ সূত্রে জানা গেছে, রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধ এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, উৎসবের ছুটিতে রেলস্টেশনে যাত্রীদের চলাচল বেড়ে যাওয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা নিরাপত্তাঝুঁকি ছাড়াই রেলপথে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে এসআরবি-৩-এর সদস্যরা তৎপর রয়েছেন। যাত্রীদের নিরাপত্তা ও রেলস্টেশনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৩।