চিকিৎসকদের আন্তর্জাতিক সংস্থা ‘মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) তথা সীমান্তবিহীন চিকিৎসক দল’ কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোর ৩০ হাজার বাসিন্দাকে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা দেবে। ২০২৬ সালের মধ্যে কর্মসূচি সম্পন্ন হবে।
শুক্রবার এমএসএফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়ছে। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এমএসএফ রোহিঙ্গা ক্যাম্পে জামতলী এবং পাহাড়ের হাসপাতালে ১০ হাজারেরও বেশি মানুষকে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা সেবা দিয়েছে।
২০২৩ সালের এমএসএফের এক গবেষণায় দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্পে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রতি পাঁচজনের একজন এ রোগে আক্রান্ত। এ হিসাবে প্রায় ৮৬ হাজার মানুষ সি ভাইরাসে ভুগছেন। গত মাসে আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি’তে এ তথ্য প্রকাশিত হয়েছে।