শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব নুরুন নেওয়াজ সেলিম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন ড. এ কে এম সাহিদ রেজা।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত, শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং উপাচার্য নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ট্রাস্টিজ।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের জরুরি সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মাসুদুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুস সাত্তারকে বিশেষ পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে। আবদুর রইছ কাইজার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী (বায়েজিদ) ও মো. এনায়েত উল্লাহ তাঁদের পূর্বনির্ধারিত দায়িত্বে বহাল থাকবেন।
শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি :
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সংকট নিরসনে দুই প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ট্রাস্টিজ। অভিযোগগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে যথাযথ সমাধান নিশ্চিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ইংরেজি বিভাগের প্রভাষক সুদীপ দাসসহ আরও চার শিক্ষকের বিষয়ে আগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পরবর্তী বোর্ড অব ট্রাস্টিজের সভায় পর্যালোচনা করা হবে। প্রতিবেদন পর্যালোচনার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
১৫ দিনের মধ্যে উপাচার্য পদে শিক্ষার্থীদের :
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী ১৫ দিনের মধ্যে উপাচার্য (ভিসি) পদে সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন কার্যনির্বাহী কমিটির উদ্যোগ ও গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের মাধ্যমে ফেনী ইউনিভার্সিটির চলমান সংকট নিরসন হবে এবং শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।