সেবাই পুলিশের মূল দায়িত্ব, সদস্যদের প্রতি আইজিপির নির্দেশ

সেবাই পুলিশের মূল দায়িত্ব, সদস্যদের প্রতি আইজিপির নির্দেশ

রাজশাহী প্রতিনিধি : July 16, 2026

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশকে জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হতে হবে প্রতিটি পুলিশ সদস্যের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক, বিনয়ী ও বন্ধুসুলভ আচরণ নিশ্চিত করতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

আইজিপি আরও বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরনও বদলাচ্ছে। বিশেষ করে সাইবার অপরাধ, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

এ সময় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।

Share This