ঢাকার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

ঢাকার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

নিজস্ব প্রতিবেদক : April 30, 2026

ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের এআইজি (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করছেন।

একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে।

ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

শামীমা পারভীন নড়াইল জেলার বাসিন্দা। ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সম্পাদকের পদে ছিলেন তিনি।

২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক হিসেবে দায়িত্বে থাকা শামীমা পারভীন আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের জীবনসঙ্গী শামীমা পারভীন।

ছাত্রজীবনে পড়াশোনা করেছেন ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাবি শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী ছিলেন তিনি।

শামীমা পারভীন জাবি বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

Share This