শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : November 24, 2026

শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাসহ সন্ত্রাসীদের প্রত্যর্পণ চুক্তি বাদে অন্যভাবে দেশে ফেরার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার সংযত পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামি। বিমান বা সড়ক কোনো পথেই বাংলাদেশের নাগরিক হিসেবে ফিরতে পারবেন না তিনি।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তির আওতায়। এর কোনো বিকল্প নেই।’

শেখ হাসিনার ফেরার তারিখ ঘোষণা দিয়ে রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। টাকা আর যন্ত্রণা থাকলে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করা যায়।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান।

তার মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে বলেন, ‘২০২৪ সালের ৫ অগাস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

Share This