গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শ্রমিকের মৃত্যুর গুজবে মঙ্গলবার সকালে লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিল্প-কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান।