ফেনীসহ ১৩ ব্যাটালিয়নে ১০ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

ফেনীসহ ১৩ ব্যাটালিয়নে ১০ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি : October 18, 2026

সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৩৩০ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি বিস্ফোরক ও ডেটোনেটর জব্দ করা হয়েছে।

তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৫৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা।

এদিকে, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে পরিচালিত অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর এবং ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

Share This