ভোটের দিনে নিরবচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সেবা নিশ্চিতে বিশেষ উদ্যোগ

ভোটের দিনে নিরবচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সেবা নিশ্চিতে বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : February 11, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ভোট দিতে নিজ নিজ এলাকায় ছুটছেন লাখো মানুষ। তবে যাতায়াতের বাড়তি চাপের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মোবাইল কলে বিভ্রাট ও কল ড্রপের অভিযোগ পাওয়া গেছে।

 

এমন পরিস্থিতিতে ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা স্বাভাবিক থাকবে কি না—এ নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে সরকার ও সংশ্লিষ্ট অপারেটররা জানিয়েছে, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ মানের মোবাইল নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে অপারেটরদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধানে ২৪ ঘণ্টা কাজ করবে বিশেষ সাপোর্ট টিম। এবারের নির্বাচনে কোনো ধরনের নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করা হবে না বলেও তিনি নিশ্চিত করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করবে, তাই নেটওয়ার্ক সক্ষমতা সচল রাখা হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

 

দেশের শীর্ষ মোবাইল অপারেটরগুলোও বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নেটওয়ার্ক সচল রাখতে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করা হয়েছে। রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি ব্যাকআপ পাওয়ার ও টেকনিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিটিআরসি ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক অপটিমাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে।

 

মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড সেবা নিয়েও আশ্বস্ত করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম জানিয়েছেন, নির্বাচনের সময় অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যাতে ইন্টারনেটের গতি কমে না যায় বা সংযোগ বিচ্ছিন্ন না হয়। বিটিআরসির নির্দেশনায় আগামী দুই দিন ব্রডব্যান্ড সেবাদাতারা বিশেষ সতর্ক অবস্থায় থাকবেন।

জাতীয় সংসদ নির্বাচন, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সেবা, বিটিআরসি

Share This