তালতলা বিদ্যালয়ের কমিটি নিয়ে বিতর্ক!

তালতলা বিদ্যালয়ের কমিটি নিয়ে বিতর্ক!

সাতক্ষীরা প্রতিনিধি : June 14, 2026

সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। তাদের দাবি, টাকার বিনিময়ে বিতর্কিত একজন ব্যক্তির নাম ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে বর্তমানে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় গত ৪ জুন ২০২৬ তারিখে নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনলাইনে আবেদন করা হয়। 

অভিযোগ রয়েছে, ওই আবেদনে এস. এম. মাহবুবুর রহমানের নাম সভাপতি পদে প্রস্তাব করে যশোর শিক্ষা বোর্ডে পাঠানো হয়। পরে শিক্ষা বোর্ড তাকে সভাপতি হিসেবে মনোনীত করে।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম অতীতেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। এসব অভিযোগে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।

স্থানীয়রা জানান, সভাপতি পদে বিতর্কিত ব্যক্তির নাম প্রস্তাব করার বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর না দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোর্তজা হাসান লিটন অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাকে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, বিদ্যালয়ের এক আয়া নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং বেতন-ভাতাও নিয়মিত দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম বলেন, “আমার জানা মতে মাহবুবুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সে কারণেই তার নাম প্রস্তাব করা হয়েছে। তার কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়া হয়নি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

Share This