আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়া থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আমরা আশা করছি, সমাবেশে রেকর্ডসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে।’
উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত হয়েছিলেন।