নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর ও ভিডিও ফেসবুকে দেখে হৃদয়বিদারকভাবে মারা গেছে একই বিদ্যালয়ের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ মে) উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম উম্মে কুলসুম (৫৫)। তিনি বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বদলগাছী সদরের দর্গাপাড়া এলাকার বাসিন্দা। আহত হয়েছেন একই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা মমতাজ জাহান। তিনি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি সিএনজি গোড়শাহী এলাকা থেকে দুই যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে চাকরাইল বটতলি মোড়ে পৌঁছালে মাতাজিহাট থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা উম্মে কুলসুম নিহত হন। গুরুতর আহত হন মমতাজ জাহান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষিকা উম্মে কুলসুমের মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়লে তা দেখে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, “আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক কুলসুম ম্যাডামের মৃত্যুর খবর দেখে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, “শিক্ষার্থী কোনো আকস্মিক ঘটনা দেখে জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।”
বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া ওই শিক্ষিকার মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
দুটি তাজা প্রাণের মৃত্যুর ঘটনায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে।