ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি : May 23, 2026

ময়মনসিংহের ত্রিশালে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে নিজে মাটি কেটে এ খনন কার্যক্রম চালু করেন প্রধানমন্ত্রী। এ সময় সেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজে যোগ দেন সাধারণ মানুষ। 

 

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

 

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। সোমবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত করা হয়েছে ত্রিশালের নজরুল মঞ্চ। জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সাজানো হয়েছে পুরো মঞ্চ ও আশপাশের এলাকা। আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় এরই মধ্যে নতুন রূপ পেয়েছে অনুষ্ঠানস্থল।

প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনেও বইছে প্রাণচাঞ্চল্য। স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে এ কার্যক্রমে।

এদিকে, বিকাল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Share This