ভোটের কালি মোছার আগেই ওয়াদা পূরণ করছেন প্রধানমন্ত্রী: ফখরুল

ভোটের কালি মোছার আগেই ওয়াদা পূরণ করছেন প্রধানমন্ত্রী: ফখরুল

দিনাজপুর প্রতিনিধি : March 16, 2026

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া নির্বাচনী ওয়াদা পূরণ করতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এখনো ভোট দেওয়ার কালি মুছে যায়নি। একমাসও যায়নি। এর মধ্যেই নির্বাচনী যে ওয়াদা দিয়েছিলেন তা পূরণ করতে শুরু করেছেন।’ 

 

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা করা হয়েছে। ফ্যামিলি কার্ড শুরু হয়েছে। ইমামদের উপহার দেওয়া শুরু হয়েছে।’

তারেক রহমানের উদ্দেশে ফখরুল বলেন, ‘দিনাজপুরের সব আসন আপনাকে উপহার দিয়েছে। হিন্দু ভাই-বোন, মুসলমানসহ সব ধর্মের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে। সেটাই করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা সবাই কাজ করব। সবার আগে বাংলাদেশকে গড়ে তুলব। জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারেক রহমানের সেই কাজ শুরু করেছেন। এটাকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে হবে। নেতাকর্মীরা সবাই এই কর্মসূচিতে অংশ নেবে। স্বেচ্ছাশ্রমে কাজে যুক্ত হবে সেই আহ্বান জানাই।’

 

এর আগে দিনাজপুরের কাহারোলের বলরামপুরে সাহাপাড়া খালের খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Share This