গাজীপুরে মালবাহী ও যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
তিনি বলেন, ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে পৌঁছানোর পর লাইন ক্রসিং করার সময় বিপরীত দিক থেকে আসা জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ আহত চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও আহত থাকতে পারে।
স্থানীয়রা জানায়, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি অনেকটা খালি অবস্থায় ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ হতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস এবং কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা যায়।
আ/ম