বিদেশ ভ্রমণে ইন্টারনেট সংযোগের বিড়ম্বনা কমাতে বাংলাদেশি টাকায় গ্লোবাল ই-সিম কেনার সুবিধা নিয়ে এসেছে rivoSIM। জেট্রিভোর (Jetrivo) অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি বর্তমানে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ট্রাভেল এজেন্সিগুলোর জন্যও সেবা দিচ্ছে।
২০২৪ সাল থেকে ভ্রমণপ্রেমীদের বিভিন্ন সেবা দিয়ে আসছে জেট্রিভো। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি নতুন উদ্যোগ হিসেবে চালু করেছে rivoSIM। প্রতিষ্ঠানটির দাবি, এই ই-সিমের মাধ্যমে বিশ্বের ১৯০টি দেশে দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাবে।
বর্তমানে rivoSIM বিটুসি (B2C) ও বিটুবি (B2B)—দুই মডেলেই সেবা দিচ্ছে। ফলে সাধারণ ভ্রমণকারীরা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের প্রয়োজন অনুযায়ী ই-সিম কিনতে পারছেন। একই সঙ্গে ট্রাভেল এজেন্সিগুলো অংশীদার হিসেবে যুক্ত হয়ে তাদের গ্রাহকদের কাছেও এই ই-সিম বিক্রি করতে পারছে।
যেভাবে পাওয়া যাবে ই-সিম :
rivoSIM-এর ই-সিম কেনার প্রক্রিয়াও সহজ। গ্রাহক বা ট্রাভেল এজেন্সিকে প্রথমে rivoSIM-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পছন্দের ই-সিম ও প্যাকেজ নির্বাচন করতে হবে। বর্তমানে পেমেন্টের জন্য বিকাশ সুবিধা রাখা হয়েছে।
পেমেন্ট সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের কাছে একটি কিউআর কোড পাঠানো হবে। বিদেশে যাওয়ার আগে নির্দিষ্ট ডিভাইসে ওই কিউআর কোড স্ক্যান করলেই ই-সিম ইনস্টল করা যাবে। সংশ্লিষ্ট দেশে পৌঁছানোর পর এটি সক্রিয় করে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে।
এর ফলে বিদেশে গিয়ে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করে স্থানীয় সিম কেনা কিংবা অতিরিক্ত রোমিং চার্জের ঝামেলা থেকে ভ্রমণকারীরা সহজেই মুক্তি পেতে পারেন।
থাকছে দেশ ও অঞ্চলভিত্তিক বিভিন্ন প্যাকেজ :
ভ্রমণকারীদের বিভিন্ন চাহিদা বিবেচনায় rivoSIM-এ রাখা হয়েছে দেশভিত্তিক ও রিজিওনাল বিভিন্ন ডেটা প্যাকেজ। একই সফরে একাধিক দেশ ভ্রমণকারীদের জন্য রয়েছে বিশেষ রিজিওনাল প্যাকেজ।
এ ছাড়া নির্দিষ্ট দেশের জন্য ১ দিন, ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন মেয়াদি বিভিন্ন ডেটা প্যাকেজও রয়েছে। ভ্রমণের সময়কাল ও প্রয়োজন অনুযায়ী গ্রাহক কিংবা ট্রাভেল এজেন্সিগুলো এসব প্যাকেজ থেকে উপযুক্ত প্ল্যান বেছে নিতে পারবে।
সংশ্লিষ্টদের আশা, বাংলাদেশি টাকায় সহজে গ্লোবাল ই-সিম কেনার এই উদ্যোগ দেশের ট্রাভেল ও ট্যুরিজম খাতের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদেশ ভ্রমণকারীদের জন্য ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করবে rivoSIM।