নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন নিহত

নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন নিহত

নিজস্ব প্রতিবেদক : April 29, 2026

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে খন্দকার নাঈম আহমেদ টিটন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন; পুলিশ সূত্রে জানা যাচ্ছে যিনি একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা মেজবাহ নামে একজন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের গেটের সামনে দুই যুবক মোটরসাইকেলে করে এসে টিটনের মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

তিনি বলেন, পরে আমরা লোকটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, খন্দকার নাঈম আহমেদ টিটন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। জেল থেকে বের হওয়ার পর তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে যোগ দেন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের স্ত্রী নীলার বড় ভাই। 

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে যোগ দেওয়ায় ক্যাপ্টেন ইমনের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলে আসছিল। নিহত নাঈম আহমেদ টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফের ভাই টিপু হত্যা মামলার আসামি ছিলেন। টিটনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। তার বাসা হাজারীবাগ থানার সুলতানগঞ্জ এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় টিটনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share This