ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে নিহত ১১

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে নিহত ১১

আন্তজার্তিক ডেস্ক : April 15, 2026

ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাতে বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানায়। পুলিশ আশঙ্কা করছে, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শক্তি জেলা-র সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান।

ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে বিষ্ণু দেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বেদান্ত লিমিটেড জানায়, ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীদের ওপর।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

Share This